ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধাঞ্চল ছাড়ল মার্কিন রণতরী

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, হামলায় একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে গেছে তারা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ফোর্স যুক্তরাষ্ট্রের ওই দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে হয়রানি করছিল এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল।
হামলার পর যুদ্ধজাহাজ দুটি ‘সংঘর্ষের এলাকা’ ছেড়ে গেছে বলেও দাবি করেছে আইআরজিসি। ইরানি এই বাহিনী আরও দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নৌযান দুটিতে হামলার বিষয়টি স্বীকার করেছে।
তবে মার্কিন সেন্টকমের বক্তব্য ভিন্ন। সংস্থাটি জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে ক্ষেপণাস্ত্রগুলো কোনো জাহাজে আঘাত হানতে পারেনি এবং হামলায় কোনো মার্কিন সেনা আহত হননি।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী দাবি করেছিল, ইরানের তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।
এদিকে, ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী আরও তীব্র জবাব দেবে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। এর মধ্যে তেলবাহী জাহাজ, সামুদ্রিক পথ ও সামরিক স্থাপনা ঘিরে পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
তবে মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে গেছে—আইআরজিসির এই দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







