ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮
অ- অ+

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানানদাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানানদাজের গভর্নর জানিয়েছেন, ট্যাংকার বহনকারী গাড়িটির ব্রেক ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। হতাহত মানুষের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে বলেও কর্মকর্তারা উল্লেখ করেছেন।

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাস দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির সড়কের দুরবস্থা, পুরোনো যানবাহন, ভারী পণ্যবাহী গাড়ির চলাচল এবং ট্রাফিক আইন প্রয়োগের নানা সীমাবদ্ধতার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলক বেশি।

২০১৮ সালে সানানদাজের কাছে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসে একটি জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড় হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দেশটিতে সড়কের অবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

তেহরানভিত্তিক সংবাদপত্র ফিন্যান্সিয়াল ট্রিবিউনের ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় আট লাখ মানুষ আহত হন।

সর্বশেষ ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4