সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বিস্কুট, শাড়ি, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজাসহ মো. রনি বাবু (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনে গাজীপুর, মাদরা, বৈকারী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। অভিযানে গাজীপুর বিওপির দল সীমান্ত পিলার ৪/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকা থেকে ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বৈকারী বিওপির দল সীমান্ত পিলার ৭/৫১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া এলাকা থেকে ৩ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৫ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালি এলাকা থেকে ২৭ হাজার ২৮০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট জব্দ করে। একই সীমান্ত পিলারের ১০ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে মাদরা বিওপির দল।
এ ছাড়া সুলতানপুর বিওপির দল সীমান্ত পিলার ১৫/৬-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালশারি এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার ১৭/৭-এস-এর ১৫ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া এলাকা থেকে ২ লাখ ১২ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার মাধবকাঠি এলাকায় অভিযান চালিয়ে মো. রনি বাবু (২৮) নামে একজনকে আটক করে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা মূল্যের গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/৫সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







