সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীদের জমা টাকা ফেরত দিবেন কাল থেকে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর)। আমানতের মূল টাকা ফেরত পেতে আবেদন করার শেষ দিন ছিল আজ রবিবার (৬ সেপ্টেম্বর)।
প্রাথমিকভাবে গ্রাহকেরা নিজেদের হিসাবে থাকা পুরো মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে উত্তোলন করা এই অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।
টাকা ফেরত পেতে গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় আবেদন করতে হচ্ছে। পরে শাখা থেকে আবেদনগুলো ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের হিসাব থেকে গ্রাহকেরা তাদের জমা করা মূল টাকা উত্তোলন করতে পারবেন।
তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগও তৈরি হবে।
এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গত ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের কাছ থেকে মূল আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু করে।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা শেষে নির্ধারিত প্রক্রিয়ায় গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়া হবে।
(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







