কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।
গত রবিবার বিকাল তিনটার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় রামু থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর বিকেলে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় মোটরসাইকেলচালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনকারী ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন। তবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএনের সদস্য—এ তথ্য উল্লেখ করা হয়নি।
মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। আটকের সময় তাঁর কাছ থেকে পাওয়া নাম ও পরিচয়ের ভিত্তিতে তাঁকে হেফাজতে নিয়ে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন। তবে অপরাধ করলে যে বাহিনীর সদস্যই হোন না কেন, কেউ আইনের আওতার বাইরে থাকবেন না।
এদিকে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী বলেন, ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না এপিবিএনের সদস্য। তিনি ২১ দিনের ছুটিতে ছিলেন। এর মধ্যে তাঁকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হয়েছে। তবে নতুন কর্মস্থলে এখনো যোগ দেননি।
অতিরিক্ত ডিআইজি বলেন, ছুটিতে থাকা অবস্থাতেই মুন্না এ ধরনের অপরাধে জড়িয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







