মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানিতে তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য (টেকনিক্যাল স্পেসিফিকেশন) না মানলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০(এ) ধারায় যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। কেউ এসব শর্ত লঙ্ঘন করলে আইনের ৮০ ও ৮৪ ধারায় তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা।
এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।
পরে আইনজীবী মো. রাফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করবে। স্লিপার বাস চালানোর অনুমতি নেই। হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেয়নি।’
ফলে বর্তমানে বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







