বেসরকারি ব্যাংকে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭
অ- অ+

দেশের বেসরকারি ব্যাংকগুলোয় লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া এখন থেকে এন্ট্রি পদে (প্রবেশিকা পর্যায়) নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া যাবে না। সেই সঙ্গে নিয়োগের পর সার্টিফিকেট বা সনদ যাচাই বাধ্যতামূলক করার পাশাপাশি জাল সনদ ধরা পড়লে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্যাংকিং খাতে শৃঙ্খলার পাশাপাশি করপোরেট সুশাসন ও গ্রাহকের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে একগুচ্ছ নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (বিআরপিডি-১) গাজী মো. মাহফুজুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের সুশাসন, স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে ব্যাংকগুলোয় স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, স্থায়ীকরণ, প্রশিক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন, পদোন্নতি, নৈতিকতা ও শৃঙ্খলা ব্যবস্থাপনাসহ মানবসম্পদ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উদ্দেশ্যে প্রতিটি ব্যাংকের জন্য যুগোপযোগী, সমন্বিত ও কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন।

এই প্রেক্ষাপটে প্রজ্ঞাপনে ব্যাংকের করপোরেট সুশাসন নিশ্চিতে ন্যূনতম বেশকিছু বিষয় পরিপালনের পাশাপাশি সুনির্দিষ্ট নীতি বা পদ্ধতি অন্তর্ভুক্তিপূর্বক মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদকরণে বেশকিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, যেসব এন্ট্রি পদের ক্ষেত্রে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার কিংবা ক্যাশ অফিসার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও সমান আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরি খোঁজার প্ল্যাটফর্মে (জব সাইট) দেশের কমপক্ষে দু’টি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এন্ট্রি পদের ক্ষেত্রে সশরীরে উপস্থিতি বা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে নৈর্ব্যক্তিক অথবা লিখিত পরীক্ষার পাশাপাশি অবশ্যই মৌখিক পরীক্ষা নিতে হবে। এসব পরীক্ষায় নম্বরের ভিত্তিতে সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীরাই শুধু চাকরি পাবেন। এ ছাড়া অভিজ্ঞদের জন্য এন্ট্রি পদ ব্যতীত অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4