কেরানীগঞ্জে পুকুরে ডুবে মামী-ভাগ্নির মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের ভেতরের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মামী-ভাগ্নির মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তেঘরিয়া এলাকায় নির্মাণাধীন ক্যাম্পাসের একটি ঘাট বাঁধানো পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জুলিয়া আক্তার (২২) ও রাবেয়া আক্তার (১৬)। তারা সম্পর্কে মামী-ভাগ্নি। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ জানায়, দুপুরে পরিবারের ছয় সদস্য নির্মাণাধীন ক্যাম্পাসের ভেতরের ওই পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে সাঁতার না জানায় অসাবধানতাবশত জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







