লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
আদালত ও মামলার বিবরণে প্রকাশ, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ডেকে নেন মোক্তার উদ্দিন। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হলে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে ডাক্তারি পরীক্ষা করালে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এরপর ওই স্কুলছাত্রী ঘটনা পরিবারকে জানালে ২০২০ সালের ২৬ মে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।
আলোচিত এ মামলাটি দীর্ঘ শুনানি শেষে সোমবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায়ে বলা হয়, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড। জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ ওই শিশুর পরিবারকে প্রদানের আদেশ দেওয়া হয়।
মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। (ঢাকা টাইমস/৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







