বগুড়ায় 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের বগি লাইনচ্যুত

বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জংশনের কাছে এ ঘটনা ঘটে। এতে রাজশাহীমুখী এবং রংপুরমুখী বড় ট্রেনগুলো চলাচল বন্ধ রয়েছে। বগিটি সরাতে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশনে পৌঁছালে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সান্তাহার এবং তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুরে আটকে আছে।
তিনি আরও বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি পৌছলে লাইন ক্লিয়ার করতে আনুমানিক দেড় ঘণ্টা সময় লাগতে পারে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন বলেন, লাইনচ্যুত বগিটি এখনো উদ্ধার করা হয়নি। উদ্ধারের জন্য রিলিফ ট্রেন এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। দুর্ঘটনার কারণে ওই লাইনে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে রাজশাহীমুখী এবং রংপুরমুখী বড় ট্রেনগুলো চলাচল করতে পারছে না। তবে বগুড়ার দিকে চলাচলকারী ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে।
তিনি বলেন, রিলিফ ট্রেনটি আহসানগঞ্জ পার হয়েছে।
(ঢাকা টাইমস/৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







