বেনজীর আমিরাতেই আছেন, দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের (ঢাকা-১৪) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মীর আহমদ বিন কাসেম তার প্রস্তাবে বেনজীর আহমেদ সেন্ট লুসিয়ায় চলে গেছেন বলে উল্লেখ করেন। এর সংশোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য দেওয়া হলেও দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বেনজীরের সেন্ট লুসিয়ায় যাওয়ার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এর অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন।
হুমায়ুন কবির বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বেনজীর আহমেদের ওপর নজর রাখার অনুরোধ করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সক্রিয় দ্বিপাক্ষিক প্রত্যর্পণ বা বন্দি বিনিময় চুক্তি নেই বলেও সংসদে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে পৃথক ঘটনার ক্ষেত্রে বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, যাতে বিশেষ বিবেচনায় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা যায়।
বেনজীর আহমেদকে নিয়ে কঠোর মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষকে নিপীড়নকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার অভিযোগ, বেনজীর আহমেদ বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও হত্যা ও হয়রানি করেছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন।
এ সময় মীর আহমদ বিন কাসেমের নিপীড়নের প্রসঙ্গ তুলে তার প্রতি সহানুভূতি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলে থাকার কারণে মীর আহমদ বিন কাসেম যে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন, তা অত্যন্ত ভয়াবহ।
এদিকে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গও সংসদে তোলেন হুমায়ুন কবির। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ইলিয়াস আলীর বিষয়ে সরকার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







