কাশিমপুর মহিলা
কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা আজ মঙ্গলবার বিকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান।
কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, আজ মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে বিদিশা কারাগার থেকে বেরিয়ে যান।
একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দুই সপ্তাহেরও কম সময় পর জামিনে মুক্তি পেলেন বিদিশা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







