আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭
অ- অ+

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।’ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত কি না, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলাপ করার চেষ্টা করে। বাঁধনের সঙ্গে যা হয়েছে, তাতে আবার ভাবতে হবে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।’

আওয়ামী লীগ অতীতে যেসব কর্মকাণ্ড করেছে, তার পরও রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা থাকলে এমন সহিংসতা করা হতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

বাঁধনের ওপর হামলার বিচার প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘এ ব্যাপারে ওই দেশে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।’

ব্রিফিংয়ে লোডশেডিং নিয়েও কথা বলেন তিনি। ডা. জাহেদ বলেন, ২০২৬ সালের জুন-জুলাইয়ে গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল। তবে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকা বড় শহর, অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি; সে কারণে একেবারেই লোডশেডিং হবে না, এমনটি ঠিক নয়। ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে ইদানীং।’

সারের মজুত পরিস্থিতি তুলে ধরে ডা. জাহেদ বলেন, বর্তমানে দেশে ১২ দশমিক ২৯৪ লাখ মেট্রিক টন সার রয়েছে। গত বছর এ সময়ে মজুত ছিল সাড়ে ১১ লাখ মেট্রিক টন।

‘মজুতজনিত কোনো সমস্যা নেই, বিতরণে কিছু সমস্যা হয়েছে’—বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মানুষের জীবন নিরাপদ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অস্ত্র উদ্ধারের কাজও যথাযথভাবে করা হচ্ছে বলে জানান তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, বাংলাদেশ চাইলেও অনেক বেশি এলএনজি আমদানি করতে পারে না। কারণ, দেশে থাকা এফএসআরইউগুলোর সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে চীনের কাছে নতুন এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে। এটি দেড় বছরের মধ্যে দেশে আসবে। এ ক্ষেত্রে খরচের চেয়ে আপৎকালীন প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার বেশিদিন না থাকলেও ভবিষ্যতের চিন্তা করা উচিত ছিল তাদের। স্থলভাগের গ্যাস, এফএসআরইউ নিয়ে পদক্ষেপ নেয়নি।’

(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4