সরবরাহ সংকটের আশঙ্কায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন উদ্বেগে বিশ্ববাজারে বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৩ ডলারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের স্থাপনা বা সম্পদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পালটা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
এরই মধ্যে আগের সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার কারণে ব্যবসায়ীরা তেলের দামে বাড়তি ‘ঝুঁকি প্রিমিয়াম’ যোগ করছেন।
বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি হলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







