বিশ্বজুড়ে অ্যাডিডাসের বিরুদ্ধে বয়কটের ডাক, সমর্থনে তারকা ও লেখকেরা

সাবেক এক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে উপস্থাপনের জেরে জার্মান ক্রীড়াপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী ও অ্যাক্টিভিস্টরা। তাদের এ আহ্বানে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন তারকা ও লেখক।
সম্প্রতি অ্যাম্পিউটি বা অঙ্গহানির শিকার ব্যক্তিদের জন্য অ্যাডিডাসের এক পায়ের জুতা সরবরাহ-সেবার প্রচারণায় সাবেক ইসরায়েলি সেনা শালেভ বিটনকে দেখানো হয়। বিজ্ঞাপনে তাকে ইসরায়েলের একটি দোকানে জুতা পরতে এবং পরে বাইরে দৌড়াতে দেখা যায়।
বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বানও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘ফিলিস্তিনিদের জন্য অপমানজনক’
ফিলিস্তিনপন্থি বয়কট আন্দোলনের সংগঠকেরা বিজ্ঞাপনটিকে ফিলিস্তিনিদের প্রতি ‘চরম অবমাননাকর’ বলে আখ্যা দিয়েছেন।
প্যালেস্টিনিয়ান ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অব ইসরায়েলের (পিএসিবিআই) স্পোর্টস বয়কট ক্যাম্পেইনের সমন্বয়কারী স্টেফানি ওয়েস্টব্রুক অ্যাডিডাসের সমালোচনা করে বলেন, এটি শুধু প্রতিষ্ঠানটির অসংবেদনশীলতা বা পরিস্থিতি না বোঝার বিষয় নয়; বরং গাজায় ইসরায়েলি হামলায় স্বজন ও অঙ্গ হারানো ফিলিস্তিনিদের জন্য অপমানজনক।
তার মতে, এ ধরনের প্রচারণা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে পারে।
অ্যাডিডাসের বিজ্ঞাপনে থাকা শালেভ বিটন ২০২১ সালে ইসরায়েল ও গাজার সংঘাতের সময় আহত হয়ে একটি পা হারান। ওই সময় গাজায় ইসরায়েলি বাহিনী টানা ১১ দিন হামলা চালিয়েছিল।
ওয়েস্টব্রুকের ভাষ্য, বিজ্ঞাপনে এমন একজনকে তুলে ধরা হয়েছে, যার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ তার সাবেক সেনাজীবন। এ কারণে বিজ্ঞাপনটি ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদের ওপর এর প্রভাবের প্রসঙ্গও সামনে এনেছে।
গাজায় অঙ্গহানির ভয়াবহ চিত্র
গাজায় দীর্ঘ সংঘাতের মধ্যে অঙ্গহানির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২৫ সালের অক্টোবরের শুরু পর্যন্ত গাজায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অঙ্গচ্ছেদের শিকার হয়েছেন।
ইউনিসেফের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি জীবন বদলে দেওয়া ধরনের আঘাত পেয়েছেন। তাদের মধ্যে প্রায় ১১ হাজার শিশু।
এদিকে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির তথ্য অনুযায়ী, গত দুই বছরে গাজায় অঙ্গচ্ছেদের শিকার মানুষের প্রায় এক-চতুর্থাংশই শিশু। সংস্থাটির মতে, জনসংখ্যার অনুপাতে গাজায় শিশু অ্যাম্পিউটির সংখ্যা বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় বেশি।
চলমান সংঘাতে গাজার স্বাস্থ্যব্যবস্থাও চরম সংকটে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থা। ইসরায়েলি অবরোধের কারণে ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে বাধার অভিযোগও রয়েছে।
নিহত ফিলিস্তিনি ক্রীড়াবিদও
গাজায় যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গাজা যুদ্ধের সময় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। অনেক ফুটবল খেলোয়াড়ও অঙ্গ হারিয়েছেন।
অঙ্গহানি ও ব্যাপক ধ্বংসের মধ্যেও তাদের কেউ কেউ অ্যাম্পিউটি ফুটবল দল গঠন করেছেন। খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তারা।
বয়কটের আহ্বানে তারকারা
অ্যাডিডাস বয়কটের আহ্বানে সমর্থন জানিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য পরিচিত এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের প্রচারণাসংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
এ ছাড়া মার্কিন-ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়া, পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অনেক ফিলিস্তিনিও অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
অ্যাডিডাসের ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বয়কটের ডাক অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







