ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

ইতালির মেস্ট্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন এ অভিযোগ করেন। একই সঙ্গে ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি। সেখানে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে বাগ্বিতণ্ডা ও শারীরিকভাবে হেনস্তা করতে দেখা যায়।
বাঁধন জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলাকারীরা তার মোবাইল ফোন ছুড়ে ফেলেন এবং তাকে গালাগাল করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিনেত্রীর দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বাঁধন।
ভিডিওবার্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, তিনি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন বলেন, এ ধরনের ‘অসংলগ্ন আচরণ’ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বের হয়ে আসা উচিত।
বাঁধন আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধও জানান বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন এবং হামলার বিষয়টি যেন তার কাছে পৌঁছে দেওয়া হয়।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







