ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

মার্কিন ডলারের দর কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। খবর রয়টার্ ‘র।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৯ দশমিক ৮৯ ডলারে। আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৪৭৫ দশমিক ১০ ডলারে অবস্থান করছে।
রয়টার্স জানায়, এদিন মার্কিন ডলার সূচকও দশমিক ৪ শতাংশ কমেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়েছে। এতে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ার পেছনে সহায়ক ভূমিকা রেখেছে দুর্বল ডলার।
পেপারস্টোন গ্রুপের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, বর্তমানে স্বর্ণের বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। তবে কোনো পক্ষই এমন শক্ত অবস্থানে নেই, যা স্বর্ণের দামে দীর্ঘস্থায়ী কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা তৈরি করতে পারে।
এর আগে টানা দুই সেশনে স্বর্ণের দাম কমেছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ার তথ্য প্রকাশের পর দেশটির সুদের হার নিয়ে বাজারে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত ছিল।
তবে এখনো মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে বাজারে অনিশ্চয়তা রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে কোনো সুদ না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যায়। বিপরীতে সুদের হার কমার প্রত্যাশা বাড়লে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। মঙ্গলবার রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭৮ ডলারে, প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০২ দশমিক ৮৭ ডলারে উঠেছে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







