কক্সবাজারে বিজিবি’র ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন উনচিপ্রাং বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তের জসিমের ঘের এলাকায় অভিযান চালায়।
আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করতে সক্ষম হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







