জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু, সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তিনি সভাপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার সকালে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রথমে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ সময় রাত ৯টায় সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান। পরে রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি সভা পরিচালনা করবেন।
এদিকে আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সভাপতির দায়িত্বে ড. খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







