চুয়াডাঙ্গায় বন্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বন্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনভর বাজার এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে রাতে ওই মরদেহের সন্ধান মেলে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ায় রেলস্টেশন সংলগ্ন একটি বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সন্ধ্যার পর বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হয়, কোনো একটি ঘরে হয়তো মরদেহ পড়ে রয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ। রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি রবিউল মাদকাসক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মায়ের সঙ্গেই থাকতেন। গত কয়েক মাস যাবত তিনি একাকী ওই ঘরে বসবাস করতেন। কয়েকদিন যাবত তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল ঘরে থেকে। সেই সূত্র ধরেই মরদেহের সন্ধান মেলে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে ও পোকা ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







