বগুড়ায় ২২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিজিসিএল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। এ কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে শহরের সব শ্রেণির গ্রাহক প্রভাবিত হবেন। এর মধ্যে রয়েছে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহক।
পিজিসিএল বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় গ্রাহকদের বিষয়টি অবহিত করতে এলাকায় মাইকিং করা হবে। তবে আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ হলে চূড়ান্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসতে পারে, তা না হলে নির্ধারিত সময়েই কাজ শেষ করা হবে।
(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







