সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলা, দূতাবাসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
তিনি বলেছেন, বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হুমায়ুন কবির বলেন, ‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।’ তার ভাষ্য অনুযায়ী, গতকাল সোমবার ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কর্মী বলে তিনি সংসদে দাবি করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ইতালির পুলিশ কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করা এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয় পুলিশ এ ঘটনায় সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
বাঁধন পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন বলে সংসদে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত জোরালোভাবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।
ইতালিতে বাংলাদেশি অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় কূটনৈতিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







