মানুষের ‘হিমালয়সম প্রত্যাশা’ কেন কমে যাচ্ছে, সরকারকে ঠান্ডা মাথায় ভাবতে হবে: সাইফুল হক

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
অ- অ+

বিএনপি সরকারকে ঘিরে মানুষের ‘হিমালয়সম প্রত্যাশা’ কেন কমে যাচ্ছে, তা সরকারকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, দ্রুত জ্বালানি সংকট সহনীয় পর্যায়ে না আনতে পারলে সরকারের ভালো অর্জনগুলো নষ্ট হয়ে যেতে পারে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন সুগন্ধা পার্টি সেন্টারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের প্রতি মানুষের আস্থার জায়গা বিপর্যস্ত হবে। অপরাধী, দুর্বৃত্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সরকারকে কোনো বিশেষ দিকে ঝুঁকে না পড়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলু। সভা সঞ্চালনা করেন আওয়াল মাহমুদ। এতে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মাহমুদুল হাসান পিপলু বলেন, দেশে একটি নির্বাচিত সরকার হয়েছে, এটি ইতিবাচক দিক। তবে গত ছয় মাসে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থতারও পরিচয় দিয়েছে। এত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে তাঁরা ব্যর্থ দেখতে চান না।

তিনি দ্রুত গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জনজীবনের সংকট নিরসনে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আকবর খান বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যেমন বিপুল সমর্থন রয়েছে, তেমনি তাদের প্রত্যাশাও অনেক। এই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনের অন্যান্য শরিক দল এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

আকবর খান বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, এখনো এই সরকারকে সমর্থন করি। তবে সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করব, তেমনি ভুল পদক্ষেপ বা খারাপ কাজের সমালোচনাও করব।’

তিনি দ্রুত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি–সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সাইফুর রেজা মামুন বলেন, তাঁদের সমর্থিত নতুন সরকার ছয় মাসের মধ্যেই এমন পরিস্থিতিতে পড়বে, তা তাঁরা ভাবতে পারেননি। দেশি-বিদেশি নানা চ্যালেঞ্জের মুখে বর্তমান সরকারকে ২০২৪ সালের মতো যুগপৎ আন্দোলনের সব শরিক রাজনৈতিক দল এবং দেশের বিভিন্ন অংশের চিন্তাশীল মানুষের সঙ্গে আলোচনা করে সংকট মোকাবিলার আহ্বান জানান তিনি।

সভায় আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4