বৃহস্পতিবার ঢাকাসহ দেশের যেসব এলাকায় ৮ থেকে ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের উন্নয়ন, স্থানান্তর ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও বগুড়ার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় আট ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান।
ঢাকার কয়েক এলাকায় ৮ ঘণ্টা গ্যাস বন্ধ
শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার এক বার্তায় জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিংয়ের রেললাইনের দুপাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের কাজের টাই-ইন সম্পন্ন করতে এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস বন্ধ
জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর ফলে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







