সিরিয়ায় অস্ত্রগুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারমাদার নিকটবর্তী উত্তর ইদলিবের গ্রামীণ এলাকার বুর্জ আল-নুমরা গ্রামে অস্ত্র এবং যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী রাখার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার ও জরুরি সেবাদল ঘটনাস্থলে পাঠানো হয়।
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
তবে কী কারণে অস্ত্রগুদামটিতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে কি না, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সিরিয়ায় দীর্ঘদিনের যুদ্ধের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক ছড়িয়ে রয়েছে। এসব বিস্ফোরক প্রায়ই বেসামরিক মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







