আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে স্থানীয় লোকজন নদীর তীরে তিমিটিকে দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে সেখানে মানুষের ভিড় জমে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, গত রাতের কোনো একসময় সমুদ্র থেকে জোয়ারের স্রোতে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে যায়। সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীর তীরে বড় আকৃতির একটি বস্তু পড়ে থাকতে দেখে কাছে যান। তখন তাঁরা তিমিটিকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি বন বিভাগ ও প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে দেখতে পান। তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটি আনুমানিক ৩০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া। তবে পচে ফুলে যাওয়ায় সঠিকভাবে মাপ নেওয়া সম্ভব হচ্ছে না।
জিয়াউর রহমান বলেন, প্রচণ্ড দুর্গন্ধের কারণে এই মুহূর্তে শ্রমিকদের তিমিটির কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিবেশদূষণ এড়াতে সেটি মাটিচাপা দেওয়ার প্রয়োজন রয়েছে। বন বিভাগ তিমিটিকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করছে।
তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, পানির কোনো স্তরের সমস্যার কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। সাগর ও নদীর পানির পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। স্থানীয়ভাবে গবেষণার সুযোগ না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ডের সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ইউএনও।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







