কিশোরগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধ ও স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফেরাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন কিশোরগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় জেলার শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে কমে যাওয়া উপস্থিতি এবং শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে এবং শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমে মনোযোগী হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে আগামীকাল নির্ধারিত সময়ে জেলার কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ক্ষেত্রেও শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।
শিক্ষার আলো জ্বালানোর মূল ঠিকানা শ্রেণিকক্ষ। অথচ শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সেই শ্রেণিকক্ষই যেন ধীরে ধীরে তার প্রাণ হারাচ্ছে। আর তাই শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে প্রশাসনের এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আবারও বিদ্যালয়গুলো প্রাণচঞ্চল হয়ে উঠবে—এমন প্রত্যাশাই এখন কিশোরগঞ্জবাসীর।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব সিদ্ধান্তের কথা জানান। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।
সদর উপজেলার একাডেমিক সুপার ভাইজার এন এম বদরুজ্জামান তালুকদারের পরিচালনায় এতে শুভেচ্ছা জ্ঞাপন করেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুল হক,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জয়নুল আলম তালুকদার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
(ঢাকা টাইমস/৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







