নৌকার সঙ্গে পানিতে ভাসছিল ইয়াবার বস্তা, বিজিবির অভিযানে জব্দ ১৪ লাখ পিস

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে জেলের ছদ্মবেশে নৌকায় করে ইয়াবার বড় চালান পাচারের চেষ্টা করা হয়েছে। তবে নৌকার ভেতরে ইয়াবা না রেখে দড়ি দিয়ে বেঁধে পানিতে ভাসিয়ে রাখা হয়েছিল বস্তাগুলো। বিজিবির তল্লাশিতে সেখান থেকে ১৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে হ্নীলা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সুইচ গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করে। বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে হ্নীলা সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বিজিবির সদস্যরা কৌশলগত অবস্থান নেন।
এ সময় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। নৌকায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে নৌকায় তল্লাশি চালিয়ে প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি।
তবে সন্দেহ হওয়ায় নৌকাটিতে আরও নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসতে থাকা কয়েকটি বস্তা দেখতে পান বিজিবির সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালালে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১৪০টি কার্টন পাওয়া যায়। এসব কার্টনে মোট ১৪ লাখ ইয়াবা বড়ি ছিল।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, রাতের বেলায় মাদক পাচারে নজরদারি বেড়ে যাওয়ায় পাচারকারীরা দিনের বেলায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের কৌশল নেয়। নৌকার ভেতরে ইয়াবা না রেখে দড়ির সাহায্যে বস্তাগুলো পানিতে ভাসিয়ে রাখা হয়েছিল।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছিল। প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ও টহল বাড়ানো হয়। পাচারকারীরা দিনের বেলায় জেলের ছদ্মবেশে এবং নৌকার বাইরে পানিতে ইয়াবা ভাসিয়ে রাখার কৌশল নিয়েছিল। বিজিবির তৎপরতায় তাদের সেই কৌশলও সফল হয়নি।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ইয়াবা, নৌকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







