নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
অ- অ+

ভোলা সদর উপজেলায় নদীর পাড় ধসে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন—ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে বিজিবি সদস্য মো. আমজাদ (২৬) এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রাকিব (১৮)।

রাত ১১টা পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ ও মো. সাগর জানান, সন্ধ্যার পর পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এতে পাঁচজনই নদীতে তলিয়ে যান।

পরে তিনজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব স্রোতের তোড়ে ভেসে যান। এ সময় তারা বাঁচানোর জন্য চিৎকার করলেও তাদের উদ্ধারে কেউ এগিয়ে যেতে পারেননি বলে জানান স্থানীয়রা।

নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে যান আমজাদ। সন্ধ্যার পর তারা জানতে পারেন, তিনি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গেলেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ রাকিবের স্বজনরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। পাড় ধসে নদীতে পড়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্বজনদের অভিযোগ, তারা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দিলেও রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে আসেননি। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে কিছুক্ষণ উদ্ধার তৎপরতা চালিয়ে চলে যান।

শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মনজুর আলম জানান, সন্ধ্যার পর পাঁচ বন্ধু নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ পাড় ধসে তারা সবাই নদীতে পড়ে যান। তিনজন সাঁতরে তীরে উঠলেও তীব্র স্রোতে দুইজন তলিয়ে যান। খবর পেয়ে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি জানান।

পরে কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে নেমে কিছুক্ষণ উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজ দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4