শোবিজের অন্দরমহলের রাজনীতি নিয়ে বিস্ফোরক স্বাগতা

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। তবে সেই আলোর আড়ালেও থাকে নানা গল্প, অভিজ্ঞতা ও না-বলা কথা। সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, ক্যারিয়ার, গুঞ্জন থেকে শুরু করে শোবিজের অন্দরমহলের নানা বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা।
‘আগামীর সময়’-এর নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্বে অতিথি হয়েছেন স্বাগতা। আগামী বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে পর্বটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পান্থ আফজাল।
আড্ডায় শোবিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গের পাশাপাশি ইন্ডাস্ট্রির স্বজনপ্রীতি, গ্রুপিং, সিন্ডিকেট, লবিং ও রাজনীতি নিয়েও কথা বলেন স্বাগতা।
স্বাগতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি। এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে।’
এই পরিস্থিতিতে হতাশ হয়ে শোবিজ ছেড়ে দিয়েছেন তার মতো অনেকেই—এমনটিও জানান স্বাগতা। তার ভাষায়, ‘আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা তুলে ধরেন স্বাগতা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে। কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না।’
স্বাগতার মতে, এসব ঘটনা প্রকাশ্যে ঘটছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা ও ভিউ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারমানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’
আড্ডায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি অনুষ্ঠানে থাকছে ফান অ্যান্ড গেম ও ব্যতিক্রমী র্যাপিড ফায়ার। এর মাধ্যমে স্বাগতার ব্যক্তিগত জীবন ও পছন্দ-অপছন্দের নানা মজার তথ্যও জানা যাবে।
‘স্টার স্টোরিজ’ প্রযোজনা করেছেন নাবিলা মারজুক। অনুষ্ঠানটি দেখা যাবে ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
এর আগে ‘স্টার স্টোরিজ’-এর প্রথম পর্বে অতিথি ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







