মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ, আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের পরিস্থিতিতে ফিরে যেতে পারব।’
ফজলুল হক বলেন, ‘এটা আমাদের মনে হয় আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।’
তবে ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
পরে বিষয়টি নিয়ে ফজলুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায়’ ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













