সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন নতুন করে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ৪৯৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।
বর্তমানে ভর্তি থাকা ৪৯৫ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সর্বোচ্চ ১৮৬ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন ভর্তি আছেন।
এছাড়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন এবং বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার রোগী রয়েছেন।
মৃতদের মধ্যে সিলেটের কানাইঘাটের ১০ বছরের এক শিশু, হবিগঞ্জের বাহুবলের ১০ মাস বয়সী এক শিশু, সুনামগঞ্জের তিন বছর তিন মাস বয়সী এক শিশু এবং সিলেটের জকিগঞ্জের সাত মাস পাঁচ দিনের এক শিশু রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগ মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের।
(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











