বাগেরহাটে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












