টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাব্বি (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাসায় ফিরছিল রাব্বি। পথে নতুন বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক রাসেল (২৭)কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













