রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

রংপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম(৪০) অন্যজন জান্নাতি খাতুন বেসরকারি হাসপাতাল প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রমেকের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে মিনারা বেগম মেডিকেলে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে মারা যান তিনি। মিনারা বেগমের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
অন্যদিকে মিঠাপুকুরের জান্নাতি বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











