দিনাজপুরে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা

দিনাজপুরের বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১ হাজার ৩৯১ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি সারের গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সারা দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম।
এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের (লাইসেন্স নং-৬০২৪) প্রোপ্রাইটর মো. নাসিম ইকবাল খোকনকে অবৈধভাবে সার মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার গুদাম থেকে ৭৮২ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে ৪৪৬ বস্তা টিএসপি, ২৭৬ বস্তা ডিএপি, ৪৬ বস্তা এমওপি এবং ১৪ বস্তা ইউরিয়া রয়েছে।
পরে একই রাতে পার্শ্ববর্তী এলাকায় লাইসেন্সবিহীন এক খুচরা সার বিক্রেতা মো. আলিম নামে এক ব্যক্তির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ১৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৭ বস্তা টিএসপি, ৭ বস্তা এমওপি ও ৩ বস্তা ডিএপি রয়েছে। এই অপরাধে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












