ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. রুবেল ইসলাম রুবেল রানা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপহরণের অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

মামলাটি শিশু সহিংসতা মামলা নম্বর ১৪২/২০২০। এর আগে ২০১৯ সালের ৮ নভেম্বর রুহিয়া থানায় মামলা নম্বর ১ এবং জিআর মামলা নম্বর ৬১ হিসেবে মামলাটি করা হয়।

আদালতের রায় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী ঢোলারহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার আগে প্রায় তিন মাস ধরে রুবেল ইসলাম রুবেল রানা তার সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন সময় কথা বলতেন। তাকে প্রেম ও ভালোবাসার প্রস্তাবসহ নানা ধরনের প্রলোভন দেখানো হতো বলে এজাহারে অভিযোগ করা হয়।

৭ নভেম্বর বিকেলে যা ঘটে

এজাহারে বলা হয়, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে ওই কিশোরী রুহিয়া থানার এলাকায় তার মাসির বাড়িতে যাওয়ার জন্য ঢোলারহাট বাজারের তিন রাস্তার মোড়ের অটো চার্জার স্ট্যান্ডে আসে।

এ সময় আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন রুবেল। তিনি ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ভুল বুঝিয়ে একটি অটো চার্জারে করে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে যান। মামলার অভিযোগ অনুযায়ী, ওই বাড়িটি আসামির আত্মীয়ের বাড়ি বলে পরিচয় দেওয়া হয়েছিল।

বাড়িতে যাওয়ার পর কিশোরী সেখান থেকে চলে আসতে চাইলে রুবেল তাকে বাধা দেন। পরে তার সঙ্গে গল্প ও কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি করেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ফুসলিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

খোঁজাখুঁজি শুরু করে পরিবার

এদিকে মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যেও জানাজানি হয়। এ সময় স্থানীয় কয়েকজন রুবেলের ওপর ওই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে রুবেল একটি অজ্ঞাত অটো চার্জারে করে ওই কিশোরীকে তার বাড়ির দিকে পাঠিয়ে দেন। রাত ২টা ১৫ মিনিটে বাড়ি ফেরে কিশোরী। মামলার এজাহার অনুযায়ী, ৮ নভেম্বর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ওই কিশোরী একা বাড়িতে ফিরে আসে। এরপর পরিবারের সদস্যদের কাছে সে পুরো ঘটনার কথা জানায়।

মেয়েকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় পরিবারটি হতবিহ্বল হয়ে পড়ে। পরে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে ওই কিশোরীর বাবা রুহিয়া থানায় গিয়ে মামলা করেন।

দীর্ঘ বিচার শেষে রায়

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে আদালত মামলার সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রুবেল ইসলাম রুবেল রানাকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই আইনের ৯ এর ১ ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত আদেশে উল্লেখ করেন, দুই ধারায় আরোপিত সাজা একই সঙ্গে কার্যকর হবে।

ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী

রায়ে আদালত আরও বলেন, আসামির ওপর আরোপিত অর্থদণ্ড ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। আসামি বা তার বিদ্যমান সম্পদ থেকে অর্থদণ্ড আদায় করা হবে। প্রয়োজন হলে তার স্থাবর ও অস্থাবর সম্পদ নিলামে বিক্রি করে সেই অর্থ আদালতে জমা দেওয়ার ব্যবস্থা করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের অর্থ আদালতে জমা হওয়ার পর তা ভুক্তভোগীকে দেওয়ার কথা বলা হয়েছে রায়ে।

আসামি পলাতক

রায় ঘোষণার সময় আসামি রুবেল ইসলাম রুবেল রানা পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত বলেছেন, আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে অথবা পুলিশের হাতে গ্রেপ্তার হলে, যেটি আগে ঘটবে, সেই তারিখ থেকে তার সাজা কার্যকর হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী বাদল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবু নাঈম।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ