সৌদি আরবের তায়েফসহ তিন শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩
অ- অ+

সৌদি আরবের তায়েফসহ তিন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি বাড়ি ও দুটি যানবাহন।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের হামলার তথ্য জানায়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

তুর্কি আল-মালিকি বলেন, হামলায় আহত ১৩ জনের কারও আঘাত গুরুতর নয়। তবে কয়েকজন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন।

হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি হুতিদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেন।

তিনি বলেন, আত্মরক্ষার অধিকার অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সৌদি নেতৃত্বাধীন জোট।

এর আগে সোমবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সৌদি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইয়াহিয়া সারি বলেন, এসব হামলার ‘জবাব দেওয়া হবে’।

এদিকে সোমবার খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবিও করেছে হুতিরা। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে তাদের অভিযান আরও বিস্তৃত করার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত ফের বেড়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর দেশটিতে যুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে গরমের মধ্যেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুর্গাপূজায় টানা ছুটি, কিন্তু সবাই পাবেন না—জেনে নিন কারা ছুটিতে থাকবেন