অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্ব জোরদারে আলোচনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনে যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেসব প্রকল্পে বিশ্বব্যাংকের অংশীদারত্বের সুযোগ নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন সামাজিক কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে। এসব কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে বলেও জানান তিনি।

তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজ শর্তের ঋণের সমন্বয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া কর্মসূচিগুলো কীভাবে বিশ্বব্যাংকের সহযোগিতায় আরও বড় পরিসরে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে।

এ ছাড়া দেশের তেল-গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতায় এগিয়ে আসতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

আমির খসরু বলেন, বাংলাদেশ যেসব প্রকল্প গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। সরবরাহ ব্যবস্থার কারণে যাতে এসব প্রকল্প ব্যাহত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

টেকসই প্রকল্পগুলোর বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির যেসব প্রকল্প চালু করা হয়েছে, সেগুলো আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা
ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলে কড়া নিরাপত্তা