দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৫
অ- অ+

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আনসার ও ভিডিপির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আজ মঙ্গলবার ঢাকার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বৈঠকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা এবং দুর্যোগের সময় তাঁদের সমন্বিতভাবে মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে থাকা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় আসে।

বাহিনী সূত্রে জানানো হয়, এসব স্বেচ্ছাসেবক ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে পারবেন।

বৈঠকে প্রস্তাবিত ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার একটি রূপরেখা নিয়েও আলোচনা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে কীভাবে সমন্বিতভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও মতবিনিময় করেন দুই বাহিনীর মহাপরিচালক। মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ সহায়তা ও কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণসহ জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আনসার-ভিডিপির মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর বৃহৎ স্বেচ্ছাসেবী সাংগঠনিক কাঠামোর সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন।

ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকরা। সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা জোরদার এবং দুর্যোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়বে বলে আশা করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাসপোর্ট হারালে বা নষ্ট হলে কী করবেন? জেনে নিন সরকারের নতুন নিয়ম
বসুন্ধরায় সাইকেলের প্যাডেল দিয়ে নারী চিকিৎসককে আঘাত, যুবক আটক
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩