গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫
অ- অ+

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও তার গ্রেফতারের পরও এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনের অভিযোগ রয়েছে গাজী নজরুলের বিরুদ্ধে। পরে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন তিনি। দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতারের পর তাকে চার দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব অভিযোগের ফৌজদারি দায় আদালত নির্ধারণ করবেন। তবে সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে সংসদের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার অযোগ্যতা তৈরি হয়। তবে গুরুতর নৈতিক স্খলন, ক্ষমতার অপব্যবহার ও সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধিদের জন্য পৃথক নৈতিক আচরণবিধি ও এ-সংক্রান্ত আইন প্রণয়নের দাবি দীর্ঘদিনের বলে জানায় টিআইবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় হৃদরোগ হাসপাতালে রোগীকে বাইরে নেওয়ার চেষ্টার অভিযোগ, আনসারের হাতে আটক
শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে তারেক রহমানের শোক
মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর