হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন রাজবাড়ীর এসপি

রাজবাড়ীতে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের জন্য জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
মঙ্গলবার রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় এসব পুরস্কার দেওয়া হয়।
সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় তিনি পুলিশ সদস্যদের মাঠপর্যায়ের প্যারেড দক্ষতা ও পোশাক পরিদর্শন করেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার।
বিভিন্ন মানদণ্ড ও কাজের পারফরম্যান্সের ভিত্তিতে জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে গোয়ালন্দঘাট থানা এলাকায় ফারুক শেখ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তারে ভূমিকার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও তার দলকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট কুশল কুমার সাহা, পাংশা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান, সাইবার ক্রাইম সেলের এসআই আশিক ইমরান ও তাঁর দল, রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর আলম এবং বালিয়াকান্দি থানার এএসআই ওবায়দুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কাজে সহায়তার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ শ্রী উত্তম কুমার বিশ্বাসকেও পুরস্কার দেওয়া হয়।
পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













