নিষিদ্ধ আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার অভিযোগ ওঠার পর তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এর মধ্যে উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকারের অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এরপর তাঁকে প্রত্যাহার করা হয়।
বর্তমানে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ওসির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়। এরপর তিনি থানা থেকে চলে যান। কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, তা তিনি জানেন না।
বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান হযরত আলী মিলন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে ওসির দাওয়াত খাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













