বাসা থেকে বেরিয়ে লেগুনা-বাস-ট্রেনে ঘোরাঘুরি, ৮ দিন পর শিশু উদ্ধার

রাজধানীর হাজারীবাগে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক শিশুকে আট দিন পর টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২১ সেপ্টেম্বর সকালে শিশুটিকে উদ্ধার করে হাজারীবাগ থানার পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে হাজারীবাগের ঝাউচর বাজার এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরদিন হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
শিশুটির সন্ধানে বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। এতে দেখা যায়, শিশুটি একাই বাসা থেকে বের হয়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনায় গুলিস্তান এবং পরে বাসে বিমানবন্দর এলাকায় যায়।
পুলিশের ভাষ্য, বিমানবন্দর এলাকায় শিশুটি পথশিশুদের সঙ্গে খেলাধুলা করে, পুকুরে গোসল করে এবং বিভিন্ন দোকান থেকে খাবার চেয়ে খায়। পরে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, শিশুটির শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন সকালে পড়াশোনা নিয়ে বাবা শাসন করায় রাগ করে শিশুটি নিজেই বাসা থেকে বেরিয়ে যায়।
পুলিশ আরও জানায়, প্রায় দুই মাস আগে একইভাবে কাউকে কিছু না বলে শিশুটি বাসা থেকে বের হয়ে মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এ নিয়ে মোট তিনবার শিশুটি নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়েছে।
হাজারীবাগ থানার পুলিশ বলছে, শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













