জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের সম্পর্ক নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি হতে পারে কি না, সে বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গে বৈঠক বা এ বিষয়ে কোনো নিশ্চিত কর্মসূচি রয়েছে কি না, সে তথ্য তার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং থেকে উড়োজাহাজ কিনবে—এটি প্রকাশিত তথ্য। ফলে সফরের সময় এ বিষয়ে কোনো চুক্তি হতে পারে।
বোয়িং কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘তথ্য আমার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনবে, এটা তো একটা প্রকাশিত তথ্য। সুতরাং এই চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত অন্তত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে, এর বেশি কিছু নেই।’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে বোয়িংয়ের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













