কে হচ্ছেন গুলশান থানার নতুন ওসি? আলোচনায় যারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলের পর গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর নতুন ডিসি ও এডিসি পদায়ন করা হলেও এখন পর্যন্ত কাউকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে ওসি ছাড়াই চলছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই থানার কার্যক্রম।
এমন পরিস্থিতিতে কে হচ্ছেন গুলশান থানার নতুন ওসি? এ নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এছাড়া ডিএমপির পরিদর্শক পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাও গুলশান থানার ওসি হতে বিভিন্ন মহলে তদবির করছেন বলে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে এরই মধ্যে গতকাল সোমবার পাঁচ পুলিশ পরিদর্শককে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। তাদের মধ্য থেকেই একজনকে গুলশান থানার ওসি করা হতে পারে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া পাঁচ পরিদর্শক হলেন–গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পরিদর্শক মো. সালাহউদ্দিন, স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মোহাম্মদ আজিজ আহাম্মদ, পিবিআইয়ের পরিদর্শক মো. জামাল উদ্দিন, ফরিদপুর জেলা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আল-আমিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজায়েদ মো. নাজমুন নুর।
পুলিশের দায়িত্বশীল ওই সূত্রের ভাষ্য, এই পাঁচজনের মধ্য থেকেই গুলশান থানার ওসি বাছাই করার সম্ভাবনা রয়েছে। তবে তাদের মধ্যে আবুজায়েদ মো. নাজমুন নুরের নামই জোরেশোরে আলোচনায় রয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি হতে পারে বলেও সূত্রটি জানিয়েছে।
গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। ওই সময় মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় হাতেনাতে দু’জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৫টি ককটেল জব্দ করা। এছাড়া গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে মিছিলটি নিয়ে পুলিশের গোয়েন্দা ব্যর্থতা চরমভাবে ফুঁটে উঠলে, বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়েছে। এরমধ্যেই গত ১৬ সেপ্টেম্বর প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ ও ওসি মো. দাউদ হোসেনকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে গুলশান বিভাগে নতুন ডিসি ও এডিসি পদায়ন করা হলেও থানাটিতে এখনো নতুন ওসি দেওয়া হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












