শাহজালাল বিমানবন্দরে হাতাহাতির ভিডিও ভাইরাল, আনসারের ব্যাখ্যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আনসার ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে যাত্রীদের স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটির ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব চলাকালে এক যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা অমান্য করে বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাঁকে বাধা দেন।
আনসারের ভাষ্য, ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নির্দেশনা অমান্য করে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে একপর্যায়ে মেঝেতে পড়ে যান। ঘটনাটি দেখে যাত্রীকে নিতে আসা কয়েকজন স্বজন মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ভিডিও ধারণ বন্ধ করতে বিমানবাহিনীর সদস্যরা তাঁদের অনুরোধ করলে কয়েকজন উত্তেজিত হয়ে আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা দায়িত্ব পালনরত আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন।
এ সময় আনসার সদস্যরা আত্মরক্ষার্থে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ক্যানোপি-২ এলাকায় থাকা কয়েকজন যাত্রীর স্বজন আনসার সদস্যদের ঘিরে ফেলেন। পরে বিমানবাহিনী ও আনসারসহ দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আনসার জানিয়েছে, একপর্যায়ে উত্তেজিত যাত্রীর স্বজনেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ ঘটনায় দায়িত্ব পালনরত পিসি হাবিবুর রহমান, আনসার সদস্য মো. নুরুজ্জামান ও মো. সাদেকুল সামান্য আহত হন। তাঁদের ইউনিফর্মের কিছু অংশও ছিঁড়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত হওয়ার পরও ওই তিন সদস্য দায়িত্ব পালন অব্যাহত রাখেন এবং বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনায় তাদের সদস্যরা নিরাপত্তা, প্রবেশ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার দায়িত্ব পালন করেন। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












