গাজীপুরে ১১ প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্র উদ্যোক্তাকে ব্যবসায়িক উপকরণ প্রদান

প্রতিবন্ধী ব্যক্তি সকল নাগরিককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাঁদের প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরে ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ব্যবসায়িক উপকরণ (ইন-কাইন্ড সহায়তা) বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতরণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা 'সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি' (সিএসআইডি)।
'নাগরিকতা – সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)' প্রোগ্রামের অধীনে 'জিএফএ কনসাল্টিং গ্রুপ'-এর সহযোগিতায় পরিচালিত 'ডিসঅ্যাবিলিটি ইনক্লুসিভ সিভিক এনগেজমেন্ট (ডাইস/DICE)' প্রজেক্টের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান শরীফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসআইডি-এর পরিচালক ইফতেখার আহমেদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আক্তার হোসেন, 'বি-স্ক্যান'-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মবিনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কেবল সামাজিক সুরক্ষার আওতায় আর্থিক সাহায্য দেওয়াই যথেষ্ট নয়; বরং তাঁদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোগ ও অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলা জরুরি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে নীতি-নির্ধারণী প্রক্রিয়া ও নাগরিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তা ও 'আশারতরী প্রতিবন্ধী ব্যক্তি সংস্থা'র সাধারণ সম্পাদক মো. মুসা আকন্দ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এই ইন-কাইন্ড সহায়তা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। প্রাপ্ত ব্যবসায়িক উপকরণগুলো আমাদের নিজস্ব উদ্যোগ ও আয়বর্ধক কাজ আরও সুসংগঠিতভাবে পরিচালনা করতে সহায়তা করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমরা এখন নিজেদের ব্যবসায়িক পরিধি বাড়াতে পারব।
তিনি এই উদ্যোগের জন্য ডাইস (DICE) প্রজেক্টের বাস্তবায়নকারী সংস্থা সিএসআইডি, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসকে (বি-স্ক্যান) ধন্যবাদ জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডাইস প্রজেক্টের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট প্রয়োজন ও সক্ষমতা বিবেচনা করে তাঁদের মাঝে এসব ইন-কাইন্ড সহায়তা প্রদান করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাঁদের টেকসই জীবিকায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশে ভূমিকা রাখবে।
সংস্থার প্রতিনিধিবৃন্দ নিশ্চিত করেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে তাঁদের সুনাগরিক হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসআইডি-এর কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠনগুলোর (ডিডিও) যৌথ সহযোগিতায় একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই এই প্রজেক্টের মূল লক্ষ্য।
(ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












