ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা ও ৬২ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুইজন ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে বিভিন্ন অপারেটরের বিপুলসংখ্যক সিমও জব্দ করা হয়েছে। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি এবং এয়ারটেলের ১৫০টি সিম রয়েছে। পাশাপাশি আরও ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













