ঢাকাসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা এবং যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার দিকে ধীরগতিতে একটি বজ্রঝড় অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এ সময় রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। কোথাও কোথাও তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
একই সঙ্গে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে অতিরিক্ত সময় হাতে নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












